অর্থনীতি ও বাণিজ্য

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি সপ্তাহে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। আর এই প্রথম ইউনিটটি থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে, প্রযুক্তিগত বা অন্য কোনো ধরনের সমস্যা, আকস্মিক কোনো সংকট তৈরি না হলে চলতি সপ্তাহে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আরএনপিপির প্রথম ইউনিটের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হবে। এর মধ্য দিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের বাণিজ্যিকভাবে ব্যবহারের সূচনা হতে যাচ্ছে।

 

 

 

সূত্রগুলো আরও জানায়, ইতোমধ্যে প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উৎপাদন শুরু হলেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ করা শুরু হবে। প্রাথমিক পর্যায়ের উৎপাদন শুরু করার প্রক্রিয়া সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং সব কিছু ভালোভাবেই সমন্বয় হচ্ছে।

থারমাল ক্যাপাসিটি শতকরা ৪০ ভাগ হলে এই ইউনিটের উৎপাদন মোট উৎপাদন ক্ষমতার ৩০ থেকে ৩৫ ভাগ বিদ্যুৎ উৎপাদিত হবে এবং সেটি জাতীয় গ্রিডে দেওয়া হবে।

জাতীয় গ্রিডে দেওয়ার পর পুরো প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখা হবে এবং নিবিড় পর্যবেক্ষণে থাকবে। কিছুদিন এভাবে চলতে থাকার পর কোনো সমস্যা বা ত্রুটিমুক্ত উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত হলে ৩০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই আনুষ্ঠানিকতা কবে হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

 

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর এ প্রক্রিয়া যথাযথভাবে অব্যাহত রাখা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুষ্ঠানে থাকার বিষয়টির সঙ্গে অনুষ্ঠানের সময়সূচির সম্পর্ক রয়েছে। সে ক্ষেত্রে ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে ওই সূত্রগুলো জানায়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে দেওয়ার পর আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করব। সবকিছু ঠিকমতো হচ্ছে কি না সেটা দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে কোনো সমস্যা বা ত্রুটি নেই এসব কিছু নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

 

মাহমুদুল হাসান জানান, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারেন। সেটিও নির্ভর করবে তিনি কবে সময় দিতে পারবেন তার ওপর। এ কারণে আনুষ্ঠানিকতার সময়ের বিষয়টি এখনই বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাওয়ার পর পর্যায়ক্রমে ও ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। সেইসঙ্গে পর্যায়ক্রমে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ বাড়তে থাকবে। এভাবে ১২ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে যেতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে। সে ক্ষেত্রে চলতি বছর ডিসেম্বরে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলে আগামী বছর এপ্রিলের মধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১২ শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে।

 

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ এ্যাটমোস্ট্রয়। এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট রয়েছে। প্রতিটিতে ১২০০ করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

 



সম্পর্কিত খবর