ঝিনাইদহে জামায়াত নেতা ও ইসলামী ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান জানান, গত ৭ অক্টোবর আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়া নামের এক নারীর সঙ্গে বিয়ের প্রস্তাব পান তিনি। পরে ১০ অক্টোবর মকবুল প্লাজার একটি রেস্তোরাঁয় ওই নারীর সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়। এ সময় তাঁর ছেলেও উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ২২ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত হয় এবং এ উপলক্ষে কিছু কেনাকাটাও করেন তিনি। তবে পরে আজিজুর রহমানের সন্তানেরা ঢাকা থেকে বাড়িতে এলে বিয়ের বিষয়ে পারিবারিক আলোচনা হয় এবং তাঁরা আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি ওই নারীর মামাকেও জানানো হয়।
আজিজুর রহমান অভিযোগ করেন, এরপর থেকেই শারমিন তানিয়া তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন। বিয়ে না করলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা, ছেলেমেয়েদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে তাঁর বাড়ির সামনে উপস্থিত হন শারমিন তানিয়া। এ সময় বাড়ি দখলের চেষ্টা, ফটক (গেট) ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অপবাদ দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে মানহানিকর তথ্য ও মিথ্যা অভিযোগ প্রচার করা হচ্ছে, যাতে তাঁর সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।