খুলনা

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে নিজ এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 


সম্পর্কিত খবর