ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মশিয়ার রহমানকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মো. মনিরুল বিশ্বাস রেন্টু। রায় ঘোষণার পরপরই তাদেরকে প্রিজনভ্যানে করে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে মশিয়ার রহমান বাড়ির বৈঠকখানায় বসে ছিলেন। এ সময় আসামিরা তাকে টেনে-হিঁচড়ে বাড়ির টিউবওয়েলের পাশে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মশিয়ার রহমান। পর দিন তার ছোট ভাই মতিয়ার রহমান বাদী হয়ে ৮ জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আসামিদের বিরুদ্ধে দোষী প্রমাণিত হওয়ায় দুইজনের মৃত্যুদণ্ড দেন আদালত। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন জানান, সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস রিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বলে আমরা মনে করছি।