চলমান এসএসসি’র জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (২০৫) ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখা ও ব্যবহারের কারণে তাদের বহিষ্কার করা হয়। তারা সবাই রশিদপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। কেন্দ্রসূত্রে জানা যায়, ৩ মার্চ পদার্থ (১৩৬), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (১৫৩) এবং ফিন্যান্স ও ব্যাংকিং (১৫২) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রের তিন পরীক্ষার্থী নিজেদের কাছে মোবাইল ফোন রেখে অনৈতিক সুবিধা লাভের জন্য গোপনে ব্যবহার করছিল। কক্ষ পরিদর্শকের নজরে এলে তাদেরকে হাতেনাতে ধরে যথাযথ নিয়মে বহিষ্কার করা হয়। তারা রশিদপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। বিশ্বস্তসূত্রে জানা যায়, তাদেরকে রশিদপুর ক্ষেত্রিপাড়া গ্রামের রাসেল নামের এক যুবক প্রাইভেট পড়ান। তিনিই বাহির থেকে তাদেরকে মোবাইলে উত্তর পাঠিয়ে দিতেন। এ বিষয়ে কেন্দ্রের হলসুপার ও পাকুল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন ৩ পরীক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।