তৃতীয় দিনের শুনানিতে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।
ইসি সূত্র জানিয়েছে, তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজনের প্রার্থিতা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। এর আগে শনিবার ও রবিবার দুই দিনে ১৩২টি আপিল শুনানি শেষে মোট ১০৯ জন প্রার্থী আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন। রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা ইসিতে মোট ৬৪৫টি আপিল করেন। সেগুলো ১৮ জানুয়ারির মধ্যে শুনানি ও নিষ্পত্তি করবে কমিশন।
এর আগে গত শনিবার ও রোববার ১০৯ জন প্রার্থিতা ফিরে পান। মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন অবৈধ হয়েছিলেন। এর মধ্যে আপিল করেছেন ৬৪৫ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে এসব আবেদন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এবারের ভোটে কতজন লড়াইয়ে থাকবেন সেদিনই তা চূড়ান্ত হবে।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।