ঢাকা

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৩৩

নরসিংদীতে অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক কেজি গাঁজাও উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২২টি মামলায় ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নরসিংদী সদর মডেল থানা এলাকায় অভিযানে শহর আওয়ামী যুবলীগের সদস্য মো. আল আমিন (৪২) ও সক্রিয় সদস্য মুহাইমিনুল ওরফে বাবুসহ বিভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গত ১৮ নভেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নরসিংদী মডেল থানার কাউরিয়াপাড়া ও বাসাইল এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাঁরা হলেন শিবপুরের পুটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব (৪৩) এবং মো. সালাহউদ্দীন ওরফে সুমন (৪৪)। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেলাবো থানা-পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে চর উজিলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম বিপ্লব (৩২) ও পাটুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মো. তারেক মিয়াকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আরিফ আহম্মেদ খাদেম (৫১) নামের একজনকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা-পুলিশ।

মনোহরদী থানা-পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে রিয়াদ (১৭), জিহাদ (১৬), রুহুল আমিন সজীব (৫৮) ও খোকন মিয়াসহ (৩০) বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ছয়জন রয়েছেন।

শিবপুর থানা-পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান (২৩) এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মাধবদী থানা-পুলিশের অভিযানে নিয়মিত মামলার একজন এবং ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় একজনসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২২টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর