ঝিনাইদহের কালীগঞ্জে নামাজ পড়তে যাওয়ার সুযোগে ‘রিয়া পেপার হাউস’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে নগদ ৭২ হাজার টাকা ও একটি স্মার্টফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল রোডে কৃষি ব্যাংকের সামনে অবস্থিত ‘রিয়া পেপার হাউস’ বন্ধ করে পাশের মসজিদে নামাজ আদায় করতে যান দোকানমালিক মো. রেজাউল ইসলাম। নামাজ শেষে দুপুর পৌনে ২টার দিকে দোকানে ফিরে এসে দেখেন, দোকানের শাটার অর্ধেক খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে ড্রয়ারে রাখা নগদ ৭২ হাজার টাকা এবং বিকাশের এজেন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহৃত সিমসহ ‘রিয়েলমি ৮’ মডেলের একটি স্মার্টফোন খুঁজে পাননি তিনি।
ভুক্তভোগীর দাবি, দোকানের সামনে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাতনামা দুই ব্যক্তি পরস্পরের সহযোগিতায় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দোকানে প্রবেশ করে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া টাকা ও মোবাইল ফোনের সন্ধান না পেয়ে অবশেষে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী রেজাউল ইসলাম। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে চোর চক্রের সদস্যদের আটক এবং মালামাল উদ্ধারে পুলিশ শিগগিরই অভিযান শুরু করবে।