চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। প্রায় ১০ মিনিটের এই মিছিল চলাকালে একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলের সামনে আট দফা দাবির সমর্থনে ‘বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচি’ লেখা একটি ব্যানার ছিল। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে ফটকের কিছু অংশ পুড়ে যায় এবং বাইরের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যে স্থান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। মিছিল শেষে তাঁরা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন এবং জানালার দুটি কাচ ভাঙচুর করেন। তবে কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।

 


সম্পর্কিত খবর