বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে তিন ভাইয়ের বসতঘর মালামালসহ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে একটি মোটরসাইকেল, হাঁস-মুরগিসহ নগদ টাকাও। দুর্বৃত্তরা অগ্নিসংযোগের পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
শনিবার (২৫ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ড আশকরিয়া এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘরগুলো হলো, মোহাম্মদ হোসাইনের ছেলে কামাল মাঝি, তার ভাই মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
অল্পের জন্য ঘুমন্ত নারী-শিশুরা রক্ষা পেলেও তিন বসতঘরের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সাইফুল ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, তিনি দুই মেয়ে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখে বের হতে গেলে বাইরে দরজা লাগানো দেখতে পান। পরে তার শোর-চিৎকারে লোকজন এসে তাদের বের করেন। তিনি অভিযোগ করে বলেন, আর দুই-চার মিনিট দেরি হলেই দুই মেয়েসহ আমরা মারা যেতাম।
সাইফুলের স্ত্রীর বড় ভাই মোহাম্মদ সেলিম জানান, ঘরে আগুন লাগিয়ে দিয়ে বাইরে তালাবদ্ধ করে আমার বোনসহ পরিবারের সদস্যদের পুড়িয়ে মারতে চেয়েছিল দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করেন, জীবন বাঁচাতে আটকে পড়া নারী-শিশুরা অনেক আহাজারি ও শোর-চিৎকার করলেও প্রতিবেশীরা এগিয়ে আসেনি।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।