ঢাকা

বাবা- ছেলে কে কুপিয়ে গ্যারেজে ডাকাতি, পালানোর সময় রেখে গেল আলামত

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় গভীর রাতে একটি গ্যারেজে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৈশপ্রহরীকে বেঁধে রেখে গ্যারেজে রাখা ১৫টি অটোরিকশার অন্তত ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাত দল। বাধা দিতে গেলে গ্যারেজ মালিকের বাবা ও ছোট ভাইকে ছুরিকাঘাত করে আহত করা হয়।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (রাত) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে।

আহতরা হলেন—গ্যারেজ মালিক এনামুল হকের বাবা কফিল উদ্দিন ভূঁইয়া (৫৫) এবং ছোট ভাই আসিফ ভূঁইয়া (২২)। বর্তমানে তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা শেষ করে বর্তমানে বাসায় রয়েছেন।

গ্যারেজমালিক এনামুল হক জানান, গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার সংযুক্ত ছিল। ডাকাতরা সেটিতে হাত দিতেই অ্যালার্ম বেজে ওঠে। শব্দ শুনে তার বাবা ও ভাই গ্যারেজে গিয়ে দেখতে পান, নৈশপ্রহরী বাবু ও অটোরিকশাচালক জুয়েলকে বেঁধে রেখে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ব্যাটারি লুট করে একটি পিকআপ ভ্যানে তুলছে।

এ সময় তারা বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

 

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল উদ্দিন জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ডাকাতরা পালানোর সময় একটি মোবাইল ফোন, ছুরি, জুতা ও রশিসহ বিভিন্ন আলামত ফেলে গেছে।

তিনি আরও জানান, এসব আলামতের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।



সম্পর্কিত খবর