বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে তিন দিনব্যাপী অ্যাডোলেসেন্ট গার্লস ক্লাব (এজিসি) ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের এইড কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। সে সময় উপস্থিত ছিলেন 'সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)'-এর নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা আশা, মনিটরিং অফিসার সুমাইয়া আক্তার দীনা, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুজ্জামান সেলিম ও ফিল্ড অফিসার রোকনুজ্জামান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
সেভ-এর আয়োজনে ও 'শিশু বান্ধব ডেনমার্ক'-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন কিশোরী শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে কিশোরীদের অধিকার, বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা ও সামাজিকভাবে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করেন আয়োজকরা।