অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর মধ্যে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্য-জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে একে অপরকে সহযোগিতা করবে। এই অংশীদারিত্বে বিশেষ করে ব্যবহারিক প্রশিক্ষণ, কার্যকরী অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্ম সংক্রান্ত গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
উন্নত প্রশিক্ষণ সমন্বয়, শক্তিশালী গবেষণা সহযোগিতা এবং প্ল্যাটফর্মভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এই সমঝোতা অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই অংশীদারিত্ব অ্যাভিয়েশন ও অ্যারোস্পেসের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে বিশেষ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ (পিএসও), এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ইউজিসি ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ, এএইউবি-এর কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বেসামরিক খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।