খুলনা

বেনাপোলে ঘুষকাণ্ড: অবশেষে বরখাস্ত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের মামলায় সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমে ছেড়ে দেওয়া, জনরোষ-অবরোধ, এরপর গ্রেপ্তার এবং অবশেষে বরখাস্ত হলেন তিনি।

 

দুদকের সূত্র অনুযায়ী, গত ৭ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগে শামীমা আক্তার এবং কাস্টমস কর্মচারী হাসান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার দিন জিজ্ঞাসাবাদ শেষে শামীমাকে ছেড়ে দিয়ে শুধু হাসান আলীকে গ্রেপ্তার দেখায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

এই খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল বন্দরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। তাঁরা অভিযোগ তোলেন, ঘুষের মূল নায়ককে ছেড়ে দেওয়া হয়েছে এবং আটক হয়েছে কেবল সহযোগী। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বন্দর এলাকা এক ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। পরদিন অর্থাৎ ৮ অক্টোবর সকালে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের নির্দেশে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

 

এরই পরিপ্রেক্ষিতে, এনবিআর গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক অফিস আদেশে জানিয়েছে, দুদকের মামলায় গ্রেপ্তার হওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হলো। এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার খালিদ মো. আবু হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।



সম্পর্কিত খবর