যশোর বিমানবন্দরে বড় আকারের উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা বাড়ছে। রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ শেষ হলে ভবিষ্যতে এখানে আরো বড় বিমান নিরাপদভাবে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর বিমানবন্দরে অনুষ্ঠিত ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যশোর বিমানবন্দরের নতুন বহির্গমন টার্মিনাল ভবন ও নতুন এপ্রোনের নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
পাশাপাশি বিদ্যমান রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রানওয়ের ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বড় আকারের উড়োজাহাজ ওঠানামার সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান বলেন, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তা মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে।
তিনি আরো বলেন, চলতি বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিটের প্রস্তুতির ক্ষেত্রেও এই মহড়া কার্যকর ভূমিকা রাখবে।