খাগড়াছড়ির মাটিরাঙায় এক স্কুল শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করেছে মাটিরাঙা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে মাটিরাঙার আলুটিলা পর্যটন এলাকার তারেং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা জেলা শহরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। মেহেদী অনুষ্ঠান শেষে তিনি বন্ধুদের নিয়ে আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যান। সেখান থেকেই লিটন ত্রিপুরা নামের ওই যুবক তাঁর পিছু নেয়। পর্যটনের তারেং এলাকায় পৌঁছালে লিটন ত্রিপুরা অস্ত্র ঠেকিয়ে ওই শিক্ষিকার গতিরোধ করে এবং তাঁকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের পর লিটন ত্রিপুরা ওই শিক্ষিকার কাছে দশ হাজার টাকা দাবি করে। আত্মসম্মান বাঁচাতে শিক্ষিকা তখন তাঁর এক বন্ধুকে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। বন্ধুটি দ্রুত বিষয়টি স্থানীয়দের, সেনাবাহিনীকে এবং মাটিরাঙা থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় স্কুল শিক্ষিকা বাদী হয়ে ত্রিপুরা যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাটিরাঙা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ, তৌফিকুল ইসলাম জানান, লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।