জাতীয়

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

শক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় কক্সবাজারগামী একটি মহিষ বোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতরা হলেন সাতকানিয়ার বাহাদির পাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মু. হুমায়ুন (৩৭) ও মুহাম্মদ মামুন (৩২) এবং তাদের মামা করাইয়া নগর আকবর পাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। মনির হোসেন তিন সন্তানের জনক ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম যুগান্তরকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা নিহতদের মরদেহ উদ্ধার করি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা করি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব বলেন, ঘটনাে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগীতায় লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



সম্পর্কিত খবর