দেশের খবর

সোনাইমুড়ীতে সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সোনাইমুড়ীতে মাদ্রাসাছাত্র আব্দুল মান্নান মেহরাজ’র মৃত্যু রহস্য উদ্ঘাটন,সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তসহ ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল জুমা’র নামাজ শেষে স্থানীয় নাটেশ্বর ইউপি’র মির্জানগর এমপি’র পোল সংলগ্ন মসজিদ এলাকায় স্থানীয় কয়েকশ’ লোকজন এ মানববন্ধন করেন।

উল্লেখ্য, আব্দুল মান্নান (১৩) নাটেশ্বর দিঘিরজানের পূর্ব দিকে দারুল আরকান ইসলামিয়া মাদ্রাসার হেফ্জ বিভাগের নাজেরা শাখার আবাসিকের ছাত্র ছিল। সে পূর্ব মির্জানগর গ্রামের কৃষ্ণাপুর খোকা চৌকিদার বাড়ির কামাল হোসেনের ছেলে। ১১ই মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে আব্দুল মান্নান নিখোঁজ হয়। পরদিন বিকালে মাদ্রাসা পুকুরে দুর্গন্ধ পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে দুর্গন্ধের উৎস খোঁজে ও পুকুরের ঘাটের সিঁড়ির নিচে আব্দুল মান্নানের মৃতদেহ ভেসে থাকতে দেখে। সংবাদ পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধারসহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে মৃতের পরিবারের কেউই সোনাইমুড়ী থানায় অভিযোগ না করলেও মৃত আব্দুল মান্নানের পিতা কামাল হোসেন ও এলাকাবাসীর দাবি অজ্ঞাত কারণে আব্দুল মান্নানকে হেফজ বিভাগের হুজুর হত্যা করে মৃতদেহ ঘাটলার নিচে লুকিয়ে রাখে। তবে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের মন্তব্য ও ভিডিও ফুটেজ মতে মৃতের পরিবারের দাবি অসংলগ্ন বলে স্থানীয়দের কেউ কেউ মন্তব্য করেন। এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে থানা পুলিশ দিঘিরজান দারুল আরকান ইসলামিয়া মাদ্রাসার পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে মৃত আব্দুল মান্নানের ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।



সম্পর্কিত খবর