ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনের ভেতর থেকে আব্দুর রহমান (৫০) নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্শ্ববর্তী যশোর সদরের রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, যশোর ট-১১-১৩৪৬ নম্বর ট্রাকটি কালীগঞ্জ কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে গত তিন দিন ধরে পার্কিং করা ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ট্রাকচালককে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা স্থানীয় ফাঁড়ি পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশে পচন ধরেছে। তাদের অনুমান, কোনো ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে গিয়ে থাকতে পারে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সড়কে পার্কিং করে রাখা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে।