খুলনা

‘নবীন বয়সে প্রেমে পড়ে নিজের জীবন নষ্ট করা যাবে না’: জিএস সালাউদ্দিন আম্মার

নড়াইলে ঊষার আলো সূর্য সংঘের আয়োজনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

 

তিনি বলেন, "সিটবাণিজ্য ও কোনো নেতার আনুগত্য পাওয়ার আশায় রাজনীতি করবেন না। নিজে ব্যক্তিগতভাবে এগিয়ে যান। এতে নিজের অবস্থান ভালো হবে। নেতার জন্য গলা ফাটিয়ে মিছিল করার দরকার নেই।"

 

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে শুধু বিসিএস ক্যাডার বা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হওয়ার আশা করা ঠিক নয়। আগে দরকার একজন ভালো ও মানবিক মানুষ হওয়ার। কারণ, অনেকে হয়তো বলতে পারেন, ম্যাজিস্ট্রেট হলে সরকারি বেতনের পাশাপাশি সম্মান পাওয়া যায়। আমি এটা সমর্থন করি না। কারণ, একজন ম্যাজিস্ট্রেটকেও অনেক ক্ষেত্রে এইট (অষ্টম) পাস পাতিনেতাকে এক মিনিটে ৪১ বার স্যার, স্যার... সম্বোধন করে উঠে দাঁড়াতে হয়। তাই শুধু বিসিএস ক্যাডার বা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হলেই সবকিছু পেয়ে যাবেন, এমনটি ভাবা ঠিক নয়। অনেক বেসরকারি চাকরিজীবী বা উদ্যোক্তা ম্যাজিস্ট্রেটের চেয়েও বেশি বেতন পান। তাই সবার আগে সবাইকে ভালো ও মানবিক মানুষ হতে হবে। যে যেটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন, ভালোভাবে সেই দিকে এগিয়ে যেতে হবে।"

 

জিএস সালাউদ্দিন আম্মার নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, সাহিত্য-সংস্কৃতি চর্চাসহ সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এসব ভালো দিক গ্রহণের পাশাপাশি খারাপ দিকও রয়েছে। এখানে (বিশ্ববিদ্যালয়) এসে অনেকে মাদকাসক্তও হয়ে পড়েন, বিপথে চলে যান। তাই সতর্ক থেকে নিজেকে গড়ে তুলতে হবে। এ ছাড়া নবীন বয়সে প্রেমে পড়ে নিজের জীবন নষ্ট করা যাবে না। বিশ্ববিদ্যালয় জীবনটা ঠিকভাবে ব্যবহার করলে নিজেকে যোগ্য ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।"

 

ঊষার আলো সূর্য সংঘের সভাপতি, তরুণ কবি ও কলাম লেখক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আকবর মাহমুদ।

 

বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. ছায়েম আলী খান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, প্রকৌশলী গোলাম রাব্বি, সাবিব অটো গ্যালারির স্বত্বাধিকারী আনিসুল আজম, নড়াইলের প্যারাডাইস একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ আবু মুসা, বুয়েট শিক্ষার্থী শেখ ইমতিয়াজ, শিক্ষার্থী রাফাত জামিল, ঊষার আলো সূর্য সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকারসহ অনেকে।

 

অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদের বাড়ি নড়াইলের বিভিন্ন এলাকায়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সূর্য সংঘ প্রতিবছর নড়াইলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে।



সম্পর্কিত খবর