শিক্ষা

একাদশে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত করা যাবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে এ নিশ্চায়ন কার্যক্রম চলবে।

 

শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়।

ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) গিয়ে নির্দেশিকা অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

 

দ্বিতীয় ধাপে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি; যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি এবং যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি-তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।

 

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে শুধু তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা জমা দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন/এডিট সম্পন্ন করতে হবে।

 

দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা বুঝে আবেদন করা এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অনুরোধ করা হয়েছে।

 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

 



সম্পর্কিত খবর