টপ নিউজ

বাবার পেনশনের টাকা প্রতিবন্ধী সন্তানকে প্রদানে রুল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের গুদাম রক্ষক হিসেবে অবসরের পর মারা যাওয়া মো. হাবিবুর রহমানের পেনশনের টাকা তার প্রতিবন্ধী ছেলে মো. আশফাকুর রহমান শাওনকে কেন প্রদান হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলী এই রুল জারি করেন।

 

 

কৃষি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ।

 

 

তিনি জানান, ময়মনসিংহ সদরের হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদাম রক্ষক হিসেবে ২০১৬ সালের ২০ জানুয়ারি অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুবিধাদী পেয়ে আসছিলেন।

 

এমতাবস্থায় চলতি বছর ৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আগেই স্ত্রীও মারা যান।

মৃত্যুকালে হাবিবুর রহমান তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। যার মধ্যে ছেলে সন্তানটি প্রতিবন্ধী। তাই অন্য উত্তরাধকারীরা তাকে এককভাবে পেনশনভোগী হিসেবে মনোনীত করেন। সে অনুযায়ী তিনি পিতার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধাদী নিজের অনুকূলে মঞ্জুরির জন্য বিগত ১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন।

 

তার সেই আবেদন বিগত ২৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান নামঞ্জুর করেন। তার এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করা হয়। 

 



সম্পর্কিত খবর