দেশের খবর

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫), একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুরশিদ (৬০) ও একই উপজেলার পিকআপ ভ্যানচালক খোকন (৩৯)।

 

পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হন। আহত হন আরও দুজন। এ ছাড়া পিকআপ ভ্যানে থাকা ছয়টি গরু মারা যায়। খবর পেয়ে পুলিশ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, বিকেল সোয়া ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পিকআপ ভ্যানের ভেতর আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



সম্পর্কিত খবর