শিক্ষা

গুম হওয়া দুই শিক্ষার্থীকে ফিরে পেতে ইবিতে মানববন্ধন

এক যুগেরও বেশি সময় ধরে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। 

গুম হওয়া ইবির দুই শিক্ষার্থী হলেন- দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালীউল্লাহ্ এবং আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের আল মুকাদ্দাস। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে গুম হওয়া ওই দুই শিক্ষার্থীকে ফিরিয়ে দিয়ে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্যাহ, বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মূসা। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরার পথে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারী দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ্ এবং আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দিসকে ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট র‍্যাব বাহিনী গুম করে নিয়ে যায়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা ভাইদের উদ্ধারের দাবিতে দাঁড়িয়েছি। পতিত আওয়ামী সরকার শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ে নয় সারা দেশে হাজারো ভাইকে গুম করেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে সমস্ত ভাইদের গুম করেছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর বিগত ফ্যাসিস্ট আমলে যত অন্যায় হয়েছে সবগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্যাহ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা প্রতিবাদী ও বিপ্লবী এবং যারাই মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে উৎসাহ দিয়েছে তাদের উপরেই ভয়ংকর নির্যাতনের শিকার হতে হয়েছে। তাদেরকে গুম করে তাদের প্রতিবাদগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলো পতিত স্বৈরাচার হাসিনা। এই বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী শিক্ষার্থীকেও তারা গুম করেছে। দীর্ঘ আন্দোলন করার পরেরও আওয়ামী ফ্যাসিস্ট সরকার গুম হওয়া শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। 

যারা এদরনের মানবতাবিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলো তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর