দেশের খবর

চট্টগ্রামে চেকপোস্টে সিএনজি তল্লাশির সময় হামলা, আহত পাঁচ পুলিশ সদস্য

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত গ্রেপ্তারকৃতরা হলেন-মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যের সাথে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা।

এ সময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেন তারা। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ জানান, হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।  

তিনি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর