জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দিন আহমদ হলের ক্যান্টিনের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অভিযোগ করেছে নিম্নমানের খাবার পরিবেশনের।
রবিবার (৩০ জুন) হলের আবাসিক শিক্ষার্থী সোহেল রানা এমন অভিযোগ করেন। পরে একই অভিজ্ঞতার কথা জানান আরও কয়েকজন শিক্ষার্থী।
নোংরা কিচেন ও খাবারে পোকামাকড় পাওয়ার বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা তা গুরুত্ব দেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সোহেল রানা বলেন, একে হলে খাবারের দাম বেশি এরপর এভাবে খাবারের মধ্যে পোকামাকড় পাওয়া সত্যি দুঃখজনক। প্রায়ই মাছি পাওয়া যায় আর আজ তেলাপোকার মাথা। ক্যান্টিন মালিক আমাদের আমিষের চাহিদা পূরণের ভালভাবেই দায়িত্ব নিয়েছেন। আমরা এর দ্রুত সমাধান চাই।
বাংলা রাশেদ রেজা নামের আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলে পানির সমস্যা, গ্যাস নেই, কিচেন নোংরা। এখন আবার তেলাপোকা ভর্তাও খেতে হচ্ছে। ক্যান্টিনে বিভিন্ন সময় খাবারে মধ্যে পোকা পাওয়া যায়। তেলাপোকা, মাছিসহ পোকা পাওয়ার বিষয়ে বারবার জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা সেভাবে গুরুত্ব দেন না। এ ছাড়া খুব নিম্ন মানের চাল দিয়ে ভাত রান্না ও বাসি খাবার পরিবেশন করা হয়। অভিযোগ জানালেও কোনো কাজে আসছে না।’
অভিযোগের বিষয়ে ক্যান্টিন ম্যানেজার শান্ত বলেন, সেটা তেলাপোকা ছিল না রান্নার উপকরণের অংশ হতে পারে। আমরা নিজেরাও এই খাবার খাই। খাবার ঢেকে রাখি। এরপরেও মাঝে মাঝে কিছু পোকামাকড় বা ময়লা ফ্যান থেকে আসতে পারে। পরবর্তীতে এই বিষয় আমি আরও খেয়াল রাখব।
হল প্রভোস্ট অধ্যাপক আলমগীর কবীর বলেন, আমি ঘটনাটা শুনলাম। তদন্ত করে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। অব্যবস্থাপনা প্রতিরোধে আমরা সবসময়ই সচেষ্ট।