রংপুর

সেচ প্রকল্পটি চালু হলে ৫০ হাজার মানুষের জীবনমান বৃদ্ধি পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের (সিএসএডব্লিউএমপি) আওতায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের নির্মাণ ও পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া হালকা সেচ পাম্প সংলগ্ন মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "এই সেচ প্রকল্পটি চালু হলে দণ্ডপাল, সুন্দরদীঘি, পামুলী, দেবীগঞ্জ ও সোনাহার দেবীডুবাসহ আশপাশের ইউনিয়নের প্রায় ৫০ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে। বর্তমানে কৃষকেরা বিঘাপ্রতি মাত্র ১ হাজার ৫০০ টাকায় চাষাবাদ ও সেচ সুবিধা ভোগ করতে পারবেন। ভবিষ্যতে প্রকল্পটি সৌরবিদ্যুতের (সোলার প্ল্যান্ট) আওতায় আনা হলে এ খরচ ১ হাজার টাকার মধ্যে নেমে আসবে।"

তিনি আরও বলেন, "পঞ্চগড়ের শেষ প্রান্তে একটি রাবার ড্যাম, স্লুইসগেট অথবা ব্যারেজ নির্মাণ করা হবে, যাতে এ অঞ্চলের মানুষ সারা বছর নির্বিঘ্নে সেচ সুবিধা পায়। কাজের মানের বিষয়ে আপনারা ঠিকাদার বা প্রকৌশলীর ওপর অন্ধভাবে ভরসা করবেন না; কোনো অনিয়ম দেখলে সরাসরি আমাকে অথবা প্রকল্প পরিচালককে (পিডি) জানাবেন।"

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ উল্লেখ করেন, এ সেচ প্রকল্পটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকার জনকল্যাণমূলক প্রতিটি প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ ছাড়া স্বাধীনতার ৫৪ বছরেও সংস্কার না হওয়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমান সরকার পাকাকরণের কাজ শুরু করেছে, যা সুন্দরদীঘি ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত বিস্তৃত হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে এবং পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ চলছে। গত ৫ জুলাই শুরু হওয়া এ প্রকল্পের আওতায় সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের ভেতর দিয়ে যাওয়া প্রায় ৯ কিলোমিটার (৮.৯৩০ কিমি) দীর্ঘ খালের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, ৮৪টি আউটলেট ও পাম্প হাউস পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং নতুন মোটর ও পাম্প স্থাপন করা হবে। এর ফলে এলাকার ৭ হাজারের বেশি পরিবার সরাসরি উপকৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ডু, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু রহমান, সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি হারেছ আলী, দণ্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজম গোলাপ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ পানি ব্যবস্থাপনা দলের (ডব্লিউএমএ-ডব্লিউএমজি) সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 


সম্পর্কিত খবর