খুলনা

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া সন্দেহ এবং বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনাকে কেন্দ্র করে নাজমিন খাতুন (২৫) নামের এক গৃহবধূকে কাঠের লাঠি দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহিদ হাসান শুভর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈর্শডাঙ্গা গ্রামে ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাতে স্বামীর দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহের অভিযোগ তুলে তাঁকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন স্বামী। পরে এক বছর বয়সী সন্তানসহ নাজমিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি স্বামীর বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন।

খবর পেয়ে নাজমিনের বাবা ওসমান গনি তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার বারবাজারের পিরোজপুরে নিজের বাড়িতে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নাজমিন খাতুন অভিযোগ করে বলেন, তাঁর স্বামী প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন। চাহিদামতো টাকা দিতে না পারলে তাঁকে মারধর করা হয়। তাঁর দাবি, স্বামী বেকার ও মাদকাসক্ত। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাজমিন খাতুনের শরীরে ফোলা ও রক্তাক্ত জখম রয়েছে। তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, গৃহবধূ নির্যাতনের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর