খুলনা

ঝিনাইদহ হাসপাতালের তত্ত্বাবধায়ককে বদলি, সচেতন নাগরিকদের ক্ষোভ

ঝিনাইদহ সদর হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তাঁর বদলির খবরে স্থানীয় সেবাপ্রত্যাশী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ সদর হাসপাতালে যোগদানের পর সেবার চিত্র পাল্টে যায় এবং অল্প সময়ে হাসপাতালের শৃঙ্খলা ফেরে। হাসপাতালের রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সের জ্বালানি খরচ অর্ধেকে নেমে আসে। তাঁর যোগদানের আগে ২০২৪-২৫ অর্থবছরে যেখানে ৬৫ লাখ টাকার জ্বালানি খরচ হয়েছিল, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৩০ লাখ টাকায় দাঁড়ায়। পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা চালু এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের খরচ কমে আয় বাড়ে এবং প্রতিটি কেনাকাটায় স্বচ্ছতা আসে। শুধু রক্ত পরীক্ষাতেই আগের তুলনায় লাখ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। হাসপাতালের সাইকেল স্ট্যান্ডের ইজারায় আগে কখনো ৮০ হাজার টাকার বেশি দর ওঠেনি; কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক যোগদানের পর প্রথম উন্মুক্ত দরপত্রে তা ৫ লাখ ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়, যার অর্থ মসজিদ সংস্কার ও রোগী কল্যাণ সমিতির তহবিলে জমা দেওয়া হয়। ঝিনাইদহের ২০ লাখ মানুষের ভরসাস্থল ২৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসার মান বাড়িয়ে আলোচনায় আসেন তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান। এমন একজন কর্মকর্তাকে বদলি করা ঝিনাইদহবাসীর জন্য দুর্ভাগ্যজনক।

স্থানীয় ব্যবসায়ী ফকরুদ্দীন মুন্না বলেন, তাঁর সময়ে হাসপাতালে আসা রোগীদের অক্সিজেন এবং স্বজনদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী খাবার রান্নায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং সপ্তাহে দুই দিন ছাগলের মাংস পরিবেশন করা হয়। একসময় রোগীরা হাসপাতালের খাবার নিতে চাইতেন না, কিন্তু এখন চেয়ে নিচ্ছেন।

হাসপাতালে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার এবং অপ্রয়োজনীয় সিজার নিরুৎসাহিত করতে নিয়মিত কাউন্সিলিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ছাড়া ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিং প্রক্রিয়ায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখায় তিনি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ঝিনাইদহে যোগদানের পর দায়িত্ব পালনের চেষ্টা করেছি, এর বাইরে কিছু নয়। সরকারি নিয়ম অনুযায়ী সব খাতে স্বচ্ছতা নিশ্চিত করে রোগীদের সেবা দেওয়াই ছিল চেষ্টা। তাঁর ভাষায়, "আমার একটাই লক্ষ্য—সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা দেওয়া।"



সম্পর্কিত খবর