চট্টগ্রাম প্রতিদিন

তিতাসের তীরে ১০ বছর পর ফিরল নৌকা বাইচ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিতাস নদীর বুকে আনন্দ-উচ্ছ্বাস ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি হরিপুর জমিদারবাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরের নরহা গ্রামের ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।

শনিবার বিকেলে হরিপুর জমিদারবাড়ি পয়েন্টে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান। উদ্বোধনের পর রঙিন পোশাক পরিহিত মাঝিমাল্লারা সুসজ্জিত নৌকা নিয়ে বাইচে মেতে ওঠেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী 'ইকতারপুর' দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফান উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এবং সাংগঠনিক সম্পাদক আইনজীবী আলী আজম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের পর দীর্ঘ ১০ বছর বিরতি দিয়ে আবারও তিতাস নদীতে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হলো।



সম্পর্কিত খবর