নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে একটি র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এদিন বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের একটি মেলবন্ধন গড়ে তোলা। আমাদের দায়িত্ব হলো ঐতিহ্য রক্ষা করে পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা।"
এ সময় বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন খাতের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র্যালি শেষে দিবসটি উপলক্ষে শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনের সামনে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রসঙ্গত, দিবসটির এ বছরের প্রতিপাদ্য— ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহে দিবসটি পালিত হয়ে আসছে।