পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী বিট কর্মকর্তা সোহেল সরদার সাব্বিরের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ পাওয়ার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বনবিভাগ। ব্যবস্থা না নিয়ে তাকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনজুরুল করিমের বিরুদ্ধে। কর্মকর্তাদের এমন আচরণে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দিয়েছে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে দেবীগঞ্জ রেঞ্জের বদেশ্বরী বিটের আওতাধীন এলাকায় প্রায় ২০টি গাছ কেটে নিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, বিট কর্মকর্তা সোহেল সরদার সাব্বির কর্মস্থলে না থেকে দেবীগঞ্জ রেঞ্জ অফিসে যোগদানের পর থেকেই দায়িত্ব পালন না করে রেঞ্জ কর্মকর্তা মনজুরুল করিমকে ম্যানেজ করে দেবীগঞ্জ রেঞ্জ অফিসের কোয়ার্টারে অবস্থান ও রাত্রিযাপন করছেন।
এসব সংবাদ দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদকে পাঠানো হলেও তিনি কার্যকর ব্যবস্থা নেননি। পরে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিন্তু ৩০ দিন পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মনজুরুল করিম সংশ্লিষ্ট ওই বিট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকে রক্ষা করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
সংবাদ প্রকাশের পর ওই এলাকায় গিয়ে দেখা যায়, দিনের বেলা কেটে নেওয়া গাছের মোথা (গোড়া) প্রমাণ লোপাটের জন্য উপড়ে ফেলা হচ্ছে। বনবিভাগের এমন উদাসীনতার কারণে দিন দিন বন ধ্বংস হয়ে যাচ্ছে।
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ জানান, রেঞ্জ কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তার পরও যদি তিনি কোনো ব্যবস্থা না নেন, তাহলে আমি সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেব।