বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে নবীনগরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৪ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই ৪ নারীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উত্তোরীয় পড়িয়ে দেয়া হয়।
সফল জননী হিসাবে সম্মাননা পেয়েছেন মোসা: রজবা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মাননা পেয়েছেন ডা. ইসরাত জাহান।
শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল ও অনুকরণীয় নারী হিসাবে সম্মাননা প্রদান করা হয় সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলাকে।
এ ছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন হোসনা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।