ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে সিটি কর্পোরেশন এলাকায় ইট ভাটা নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
দীর্ঘ ৩০ বছর পর গাজীপুর সিটি কর্পোরেশনের ইটভাটা বন্ধ হলেও সিটি কর্পোরেশনের বাহিরেও ০৫টি উপজেলার ৪৩টি ইউনিয়নে শত শত বৈধ, অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।
ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, বিপর্যয়ের মুখে কৃষি উৎপাদন, হুমকির মুখে পরিবেশের ভারসাম্য।
গাজীপুর জেলার প্রায় ৫২টি জায়গা জুড়ে মাটি কাটার উৎস চলছে।
ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে এলাকাবাসীর।
ইটভাটার কালো ধোয়া এবং মাটি কাটার গভীরতার জন্য আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা এবং কৃষি জমিতে কোনো ফসল হচ্ছে না।
সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানান প্রকার চর্মরোগে ভুগছেন।
বিলে পাওয়া যাচ্ছে না মাছ, মোট কথা জীববৈচিত্র হারাচ্ছেন সবাই।
বর্ষাকালের নদীর পানি শুকিয়ে কৃষি জমিতে রূপান্তরিত হয়। সেই কৃষি জমি থেকে প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে মাটি।
গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন অবস্থিত নদীর মাটি এবং জমির মাটি কেটে
অবৈধভাবে বিক্রি করা হচ্ছে গাজীপুরের বিভিন্ন ইটভাটায়।
প্রশাসনের দোহাই দিয়ে স্থানীয় লোভী দালালদের মাধ্যমে কৃষি জমির মাটি বিক্রি হচ্ছে বলে জানান ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই কেটে নেয়া হচ্ছে ফসলি জমির মাটি।
প্রশাসনের তদারকি আর আইনের প্রয়োগ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাটি ব্যবসায়ীরা।
একটি অনুমতি পত্র ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি কেটে নিচ্ছে কিছু অসাধু বেপরোয়া প্রভাবশালী মহল। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টরের স্বাক্ষর করা কাগজ এটি। বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধ্য করা হচ্ছে কৃষকদের মাটি বিক্রি করতে।
এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বিস্তীর্ণ এলাকাজুড়ে এক সময় নিয়মিত চাষাবাদ হতো। রাত দিন ২৪ ঘন্টা এভাবেই জমিতে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার ফলে কৃষি জমির চাষাবাদ দিন দিন কমে যাচ্ছে।
বেশি টাকার লোভে অনেকেই কৃষি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। অনেকে আবার বাধ্য হয়ে জমির মাটি বিক্রি করে দিচ্ছেন।
কোনো ধরনের নিয়মনীতি না মেনে গত কয়েক বছর ধরেই এসব কৃষি জমি থেকে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে গাজীপুর জেলার বিভিন্ন রাস্তাঘাট।
চলতি বছরে অটোব্রিকস ও বাংলা ইটভাটায় মাটির জোগান দিতে বিভিন্ন এলাকার কৃষি জমির মাটি বিক্রির প্রস্তুতি চলছে।
এরই মধ্যে অনেক জমির মাটি কেটে নেওয়ার কারণে বড় বড় খাদ তৈরি হয়েছে।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী গভীরভাবে মাটিকাটা নিষিদ্ধ হলেও তারপরও থেমে নেই ২৫ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কাটা।
এতে করে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছেন, নদীর পারে থাকা বসত বাড়ী মালিকরা।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, এভাবে চলতে থাকলে এলাকাগুলো থেকে এক সময় কৃষি জমির মাটি বিলিন হয়ে যাবে এবং নদীর পারে থাকা মানুষদের হারাতে হবে ঘর বাড়ী।
কৃষকদের দাবি অসাধু মাটি ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করেই কেটে নিচ্ছেন কৃষি জমির মাটি।
এসব কৃষি জমির মাটি রক্ষায় এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনসহ সব মহলের কাছে জোর দাবি জানিয়েছেন, নতুন করে আর কোনো কৃষি জমির মাটি যেনো নষ্ট না হয়।