সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে ২২ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রশিদ আহমদকে আহ্বায়ক, আলী হায়দার রাব্বিকে সদস্য সচিব এবং মোহাম্মদ হাবীব উল্লাহকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, "আলীকদম উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আমরা কাজ করব।" তাঁরা আরও বলেন, "জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠপর্যায়ে থেকে কাজ করব। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।"
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দলের সব নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। এনসিপি আলীকদম উপজেলা শাখার নতুন এই কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।