দেশের খবর

ফুলবাড়ীয়ায় ভূমিদস্যুর দখলে সরকারী খাল, ব্রীজের মুখ বন্ধ করে পুকুর খনন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি খাল দখল করে পুকুর খনন ও মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে মোঃ নায়েব আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের আছিম উত্তরটান পাড়া গ্রামে। এ ঘটনায় সরকারি খাল উদ্ধার ও জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণের দাবীতে এলাকাবাসী গণস্বাক্ষর করে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়নের ২নং ওয়ার্ড আছিম উত্তরটান পাড়া গ্রামে পাকা ব্রিজ হতে সরকারি খালটি ঐতিহ্যবাহী ভাওয়াল বিল ও মহিষমাড়া বিলের সাথে দীর্ঘদিন যাবৎ সংযুক্ত ছিল। খালটি সরকারি নকশা অনুযায়ী আনুমানিক প্রস্থ ৩০ ফুট। ভূমিদস্যু নোয়াব আলী ব্রিজের নিচ হতে বাদ নির্মাণ করে খাস জমি দখল করে পুকুর খনন করে মাছ চাষ করছে। এছাড়াও ব্রিজ সংলগ্ন নতুন পুকুর খনন করে কোন প্রকার পাড় না বেধেই রাস্তাকে পাড় হিসেবে ব্যবহার করে পুকুর খনন করে। এ নিয়ে সাধারন গ্রামবাসীর সাথে দখলকারদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভবিষ্যতে রাস্তাটি ভেঙে সাধারণ মানুষের চলাচলে ব্যাহত হবে। বাধ নির্মাণের ফলে বর্ষাকালে পানি প্রবাহিত না হওয়ায় দুই বিলের শতশত একর কৃষি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় ফসলসহ কৃষকরা নানাভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

অভিযোগকারী মোঃ মোস্তফা রাব্বানী বলেন, আমি সহ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছি। আমরা এর প্রতিকার চাই। 

অভিযুক্ত মোঃ নায়েব আলী এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার রেকর্ডের জমি আছে,বর্ষার পানি পাইপ দিয়ে ছেড়ে দিব। খালের ব্যপারে জিজ্ঞাসা করলে বলেন,সরকারি খাল অবশ্য আছে। অস্বীকার করার কিছু নেই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন,আমি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখব।\



সম্পর্কিত খবর