রাজনীতি

বাঁশখালীতে এনসিপির সংগঠক তানভীরের ওপর হামলার অভিযোগ

বাঁশখালীতে এনসিপির সংগঠক জুলাই যোদ্ধা মোহাম্মদ তানভীরের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিএনপির একটি মশাল মিছিল থেকে পৌর সদরের কালীবাড়ি এলাকায় তার উপর এই হামলা চালানো হয়েছে। আহত তানভীরকে প্রথমে বাঁশখালী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাছির উদ্দীন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠন এই মশাল মিছিল বের করে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাঁশখালী উপজেলা সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত জানান, এনসিপির সংগঠক তানভীর এনসিপির পদযাত্রা ও পথসভার মাইকিং করার সময় বিএনপির মিছিল থেকে তার ওপর হামলা চালানো হয়। প্রচার মাইকিং এর সিএনজি অটোরিকশা থামিয়ে বিএনপি কর্মীরা তাকে মারধর ও গাড়িতে থাকা মাইক ও প্রচারপত্র ভেঙে আগুন ধরিয়ে দেয়। হামলায় তানভীরের মাথা ফেটে গেছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে কেউ এখনো অভিযোগ করেনি।


সম্পর্কিত খবর