বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার কৃষক ও নারীদের মাঝে গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিন ও স্বাস্থ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান এখনো অনেক পিছিয়ে। এই জেলার সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “গুণগত শিক্ষা, টেকসই উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের কাছ থেকে যা কিছু প্রয়োজন, আমরা তা এনে দেবো, তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয়দের অংশগ্রহণ জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এ অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত হলে অর্থনৈতিক সমৃদ্ধিও ত্বরান্বিত হবে।”
সভাপতির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “সুপ্রদীপ চাকমা দায়িত্ব নেওয়ার পর থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে। এর সুফল পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পরিষদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান সদর উপজেলার ৪৯০ জন কৃষক ও নারী উপকারভোগীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসূতি নারী ও নবজাতকদের জন্য স্বাস্থ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।