দেশের খবর

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে পর্যটকদের বাধভাঙ্গা উল্লাস

বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখন সমুদ্র সৈকত কুয়াকাটা এখন পর্যটকদের আগমনে মুখরিত।

গত কয়েকদিন ধরেই এলাকার অনেক স্থানে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।  আজ সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে।  বৃষ্টির মাঝে পর্যটকরা বৃষ্টি বিলাস করছে।

 

গতকাল থেকেই সৈকতে পর্যটকের আগমন ঘটে। আগতরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সৈকতের তীরে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন।   ছোট বড় সবাই আনন্দে মেতে উঠছে।  অবিরাম বৃষ্টি আর জোয়ারের ঢেউ।  এ যেন অন্য রকম সৈকত।

 

অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকত সহ সকল পর্যটন স্পটে রয়েছে এখন পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকদের ভীড়ে বুকিং বেড়েছে আবাসিক হোটেল মোটেল গুলোতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগতদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।

 

ঢাকা থেকে আগত পর্যটক মো. রফিক বলেন, আবহাওয়া খারাপ হলেও উপভোগে ঘাটতি হয়নি বরং বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করেছে।

 

খুলনার পর্যটক আবরার বলেন, আজকেই প্রথম কুয়াকাটায় আসলাম৷ এত এনজয় করলাম যা বহুদিন মনে থাকবে। তবে বীচটা ভয়ানক। জিও ব্যাগে ব্যাথা পেয়েছি। এগুলো অপসারণ করা দরকার।

 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। লেম্বুরবন থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পর্যটকদের সেবায় জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



সম্পর্কিত খবর