দেশের খবর

ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ উঠেছে ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর এর বিরুদ্ধে

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে।

 

গাসিক ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের বিরুদ্ধে।

 

মঙ্গলবার রাত দশটার দিকে টঙ্গীবাজার মেহের প্লাজার সামনে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন টঙ্গী বাজার পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ওয়াসিয়াতুন নূর ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী নুরুল মনির (৩৫)।

 

এ ঘটনায় বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

 

অভিযুক্তরা হলেন, গাসিক ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, কাউন্সিলরের সহযোগী মোঃ আলী ও শামীম ওরফে ক্যাসেট শামীম।

 

অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গীবাজার পরিবেশক সমিতির সদস্য জনৈক রিপনের সাথে ব্যবসায়িক লেনদেন ছিলো অপর এক ব্যবসায়ীর, ওই ব্যবসায়ী বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে তার ভাই জনৈক আপেলের মধ্যস্থতায় দোকানের মালামাল ফেরত দিচ্ছিলেন। এসময় রিপনের সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুরুল মনির।

 

আকস্মিকভাবে কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু বুঝে উঠার আগেই ব্যবসায়ী মনির এর উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন তিনি।

 

পরে মনিরকে টেনে হেঁচড়ে মার্কেটের ভিতর থেকে বাইরে নিয়ে আসেন কাউন্সিলর। কাউন্সিলরের কর্মী মোঃ আলী ও শামীমের নেতৃত্বে পুনরায় মনিরকে এলোপাতাড়ি মারধর করে তার পকেটে থাকা ৬৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন হামলাকারীরা।

 

পরে স্থানীয় ব্যবসায়ীরা মনিরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসার ব্যবস্থা করেন।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি রুবেল মিয়া জানান, গতকাল রাত দশটার দিকে কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের লোকজন এক ব্যবসায়ীকে মারধর করেছে। তবে কি বিষয় নিয়ে মারধর করেছে তা আমার জানা নেই।

 

এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার সংবাদকর্মীদের বলেন, পলাতক ব্যবসায়ীর গোডাউন থেকে মালামাল নেওয়ার চেষ্টা করছিলো তখন আমি নিষেধ করেছিলাম শুনে নাই সে তাই কয়েকটা চর থাপ্পড় দিয়েছি।

 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার প্রেক্ষিতে বিস্তারিত উল্লেখ করে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ব্যবসায়ী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



সম্পর্কিত খবর