ঢাকা

মে দিবস উপলক্ষে গাজীপুরে স্বেচ্ছাসেবীদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

গাজীপুরে মহান মে দিবস উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কোনাবাড়ি বাসী গ্রুপ।

 

শুক্রবার (১ মে) সকালে কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল কোনাবাড়ী প্রেসক্লাব।

 

কোনাবাড়ী বাসী গ্রুপের এডমিন আবু সায়েমের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটির উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। দিনব্যাপী এই কর্মসূচিতে কারখানার শ্রমিক, শিক্ষার্থী ও স্থানীয়রা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, মে দিবসে অধিকাংশ শ্রমিক ছুটিতে থাকেন এ সুযোগে তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অনেক শ্রমিক নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন এবং চোখের সমস্যাও দীর্ঘদিন অযত্নে থাকে। এ বিষয়গুলো বিবেচনায় রেখে সামাজিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বাবুল হোসেন বলেন, কোনাবাড়ি বাসী গ্রুপ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন তিনি।



সম্পর্কিত খবর