এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় ঘটেছে। সারা দেশের মধ্যে পাসের হার প্রায় তলানিতে ঠেকেছে। এ বছর যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫০.২০ শতাংশ, যা বোর্ডের স্মরণকালের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।
ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে বোর্ডের কর্মকর্তারা দাবি করেছেন যে, ভেন্যু কেন্দ্র প্রত্যাহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের ফলেই এমন ফলাফল হয়েছে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের আওতাধীন ১০টি জেলা থেকে মোট ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে কৃতকার্য হয়েছে ৫৬ হাজার ৫০৯ জন।
বিজ্ঞান বিভাগ: ২১ হাজার ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯৩১ জন।
মানবিক বিভাগ: ৭৮ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৩ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ: ১২ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৭৫ জন।
এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৩৮১ জন, মানবিক বিভাগ থেকে ২ হাজার ১৭৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৩৫ জন রয়েছে।
কৃতকার্য শিক্ষার্থীদের গ্রেডভিত্তিক সংখ্যা নিম্নরূপ: ৫ হাজার ৯৯৫ জন জিপিএ-৫, ১৯ হাজার ৩০ জন জিপিএ-৪ থেকে ৫ এর নিচে, ১৪ হাজার ৩৬ জন জিপিএ-৩.৫ থেকে ৪ এর নিচে, ১১ হাজার ১৫৪ জন জিপিএ-৩ থেকে ৩.৫ এর নিচে, ৬ হাজার ১৫৮ জন জিপিএ-২ থেকে ৩ এর নিচে এবং ১৩৬ জন জিপিএ-১ থেকে ২ এর নিচে অবস্থান করছে।
জেলা পর্যায়ে পাসের হারে এবার শীর্ষে রয়েছে যশোর জেলা, যেখানে পাসের হার ৫৮.২৫ শতাংশ। অন্যান্য জেলার পাসের হার: খুলনায় ৫৩.৯৮, বাগেরহাটে ৪১.৮৫, সাতক্ষীরায় ৫২.৬৪, কুষ্টিয়ায় ৪৮.৮৫, চুয়াডাঙ্গায় ৫০.৩৫, মেহেরপুরে ৪৮.৫১, নড়াইলে ৪৬.৪৬ এবং ঝিনাইদহে ৪৫.০৭ শতাংশ। সর্বনিম্ন পাস করেছে মাগুরা জেলায়, পাসের হার মাত্র ৩৭.৪৬ শতাংশ।
এ বছর ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, বোর্ডের অধীনে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।