যশোরের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ২৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট শতাংশ (সাড়ে ১২ শতাংশের নিচে) ভোট না পাওয়ায় জেলা নির্বাচন কমিশন তাদের এই জামানত বাজেয়াপ্ত করে।
যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি আসনেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন। যশোর-১ (শার্শা) আসনে ২ জন, যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে ৬ জন, যশোর-৩ (সদর) আসনে ৪ জন, যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে ৬ জন, যশোর-৫ (মণিরামপুর) আসনে ৩ জন এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, এবি পার্টি এবং বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। যশোর-৩ আসনে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার ৬৯৮ ভোট পড়লেও সেখানে চারজন প্রার্থী প্রয়োজনীয় ৫১ হাজার ৯৬২ ভোট অর্জন করতে পারেননি। একইভাবে যশোর-২ ও যশোর-৪ আসনে রেকর্ড সংখ্যক ৬ জন করে প্রার্থী তাদের জামানত খুইয়েছেন।
যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বলেন, “নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি তার আসনে প্রদত্ত ভোটের আট শতাংশ ভোট পেতে ব্যর্থ হন, তবে তার জামানত সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হয়। যশোরের ছয়টি আসনে ২৪ জন প্রার্থী এই পরিমাণ ভোট সংগ্রহ করতে পারেননি।”