ব্যাটিংটা ভালোই করছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যক্তিগত ৪১ রানের সময় কি যেন হলো তার। ‘ব্রেইন ফ্রেড’ হয়ে রান আউটে ড্রেসিংরুমের পথ মাপলেন।
পথ মাপার সময় বেশ কবার মাথায় আস্তে আস্তে কয়েকটি ঘুষি মারলেন শান্ত। বিশ্বাসই করতে পারছিলেন না এটা কি হলো। অফসাইডে বল পাঠিয়ে দুই রান নেওয়ার চেষ্টা করলে বোলার নাহিদ রানা নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন।
অথচ শান্তর দৌড়ানোর কোনো সুযোগই ছিল না। কারণ আলিস ইসলাম যখন থ্রো করেন তখন নাহিদ বলটা তালুবন্দি করতে না পারলেও পায়ের কাছেই ছিল।
আর সবেমাত্র এক রান সম্পন্ন করা শান্ত কি ভেবে যেন দৌড় দিয়েছিলেন। ফলাফল ১ ছক্কা ও ৫ চারের ইনিংসের ‘মৃত্যু’।
রান আউটে মোমেন্টাম পেয়ে ঘুরে দাঁড়াল রংপুর। দুই শ ছুঁই ছুঁই রানের স্বপ্ন দেখা রাজশাহীকে ১৫৯ রানে আটকায় ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়নরা।
দলীয় ১২ রানে তানজিদ হাসান তামিমের উড়ন্ত ক্যাচ ধরে রংপুরকে দারুণ শুরু এনে দিয়েছিলেন লিটন দাস। পরে আরও দুটি দারুণ ক্যাচ ধরেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
তবে লিটনের প্রথম ক্যাচ ধরার আনন্দ দ্রুতই মিইয়ে দেন শাহিবজাদা ফারহান ও শান্ত। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে রাজশাহীকে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন তারা। শান্তর সেই ‘ব্রেইন ফ্রেডের’ পরে ম্যাচের চিত্র যায় পাল্টে।