দেশের খবর

শৈলকুপায় ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।  বুধবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, বুধবার দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে নিজ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তিনি। ‘পথে সাধুহাটি বাজারে পৌঁছালে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত এসে গাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে গাড়ি থেকে বের হতে বলে, আমি বের হলে তারা আমাকে বলে ‘এই ইউনিয়ন পরিষদ চালাতে হলে আমাদের সব ভাগবাটোয়ারা দিতে হবে।’ তখনই হঠাৎ একজন পিছন থেকে সেভেন গিয়ার চাকু বের করে আমার গলায় চালাতে গেলে আমি ধাক্কা দিয়ে সরে পড়ি।’

 

তিনি বলেন, ‘গাড়িতে থাকা আমার ড্রাইভার ও ভাই-ভাতিজা বের হয়ে তাকে জড়িয়ে ধরলে চিৎকারে স্থানীয়রা এসে পড়লে তারা দৌড়ে পালিয়ে যায়।’

 

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আরো বলেন, ‘হামলাকারীরা সবাই বিপ্রবগদিয়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সবাই পালিয়ে গেলেও স্থানীয়রা শফিকুল ইসলাম নামের একজনকে আটক করেন।'

 

 

হামলার পর ওই ইউপি চেয়ারম্যান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন। পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

 

সংবাদ সম্মেলনে হাকিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী ও শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

 

 

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



সম্পর্কিত খবর