ঢাকা

সমাধিতে ফুলেল শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বালন ও কেক কেটে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

গাজীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন। মোমবাতি প্রজ্বালন, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করেছেন তাঁর পরিবার, স্বজন, নুহাশপল্লীর কর্মী ও ভক্তরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জেলার মির্জাপুরের পিরুজালী এলাকায় নুহাশপল্লীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী মেহের আফরোজ শাওন।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে নুহাশপল্লীর লিচুতলায় হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেহের আফরোজ শাওন। পরে লেখক, কবি, নাট্যজন ও ভক্তরা তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে এক হাজার মোমবাতি প্রজ্বালন করা হয়। হুমায়ূন আহমেদের দুই সন্তান নিনিত ও নিষাদ অসুস্থতার কারণে এবার জন্মদিনের আয়োজনে অংশ নিতে পারেননি।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় ১০ মাস চিকিৎসা নিয়েছিলেন এই জনপ্রিয় লেখক।

 


সম্পর্কিত খবর