দেশের খবর

শৈলকুপায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক আলমগীর অরণ্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে সাংবাদিক ও কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচি থেকে অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে হামলাকারী দুর্বৃত্তচক্রদের গ্রেফতার ও আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেওয়া হয়। 

 

 

সাংবাদিক আলমগীর অরণ্য দৈনিক সমাবেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি। 

 

 

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন শৈলকুপা নাগরিক কমিটির সদস্য সচিব ফিরোজ খান নুন,  সদস্য আবুল হাশেম, পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচি, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রাজু, শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ফারুক আহমেদ, সাংবাদিক শিহাব মল্লিক প্রমুখ। এছাড়া জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

বক্তারা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে একদল সন্ত্রাসী সাংবাদিক আলমগীরের ওপর হামলা চালায়। তারা তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি, দাসা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি, অন্যদিকে হামলাকারীরা এখনো গ্রেফতার হয়নি। দ্রুত ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

 

প্রসঙ্গত, গত রোববার (৩০ জুন) বিকালে উপজেলা শহরের কবিরপুর মোড়ে দৈনিক সমাবেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক আলমগীর অরণ্যের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদিকে হামলাকারীদের মধ্যে সিজান ও মেহেদী নামের দুইজনের পরিচয় সনাক্ত করা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



সম্পর্কিত খবর