দেশের খবর

সীমান্তে ৫ কেজি স্বর্ণ ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের মূল্য অনুমানিক ৪ কোটি ৩৫ লাখ টাকা।

 

শনিবার (২ মার্চ) দুপুরে সীমান্তের সীমান্ত পিলার ৫১ থেকে বাংলাদেশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে মাটিলা বিওপির সদস্যরা স্বর্ণগুলো উদ্ধার করে। 

 

মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক (অধিনায়ক) এইচএম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, চোরাকারবারিরা সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ওপারে (ভারত) নেওয়ার চেষ্টা করছিল। আগে থেকেই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার (প্রতিটি ১ কেজি করে সর্বমোট ৫ কেজি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বণের্র অনুমানিক মূল্য ৪ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা। স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাকারবারিদের আটকের জন্য বিজিবি অভিযান শুরু করেছে।



সম্পর্কিত খবর