খুলনা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখল, প্রাণনাশের হুমকি ও থানায় জিডি

আদালতের রায় রয়েছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কথাও দাবি করছেন জমির মালিক। এরপরও থামছে না নির্মাণকাজ। পৈতৃক সূত্রে পাওয়া কয়েক কোটি টাকা মূল্যের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও তাঁর পরিবারের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে পুলিশ সুপার থেকে থানা—বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক সাংবাদিক।

ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকার। অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম মামুন রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত। ক্ষমতার প্রভাব খাটিয়ে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের এই অভিযোগ তুলেছেন দৈনিক ‘সকালের সময়’ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম। এ ঘটনায় তাঁর দুই ভাই নোমান ও সোহানের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক শামীমুল ইসলাম শামীমের দাবি, ১৬৯ নম্বর হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ ও আরএস ৪৯১০ দাগে মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশের বৈধ মালিক তিনি। তাঁর বাবা হেবা দলিলের মাধ্যমে জমির মালিকানা তাঁকে দিয়ে গেছেন। জমির রেকর্ড, নামজারি, খাজনার দাখিলা, ডিজিটাল ম্যাপ এবং দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলার রায় ও ডিক্রিসহ প্রয়োজনীয় কাগজপত্র তাঁর অনুকূলে রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে মেহগনি, আমসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখল করে আসছেন তিনি।

শামীমের অভিযোগ, ওই জমিতে না যেতে প্রতিপক্ষরা নানাভাবে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে শামীমের সৎ ভাইয়েরা শৈলকুপা সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত শামীমের পক্ষে রায় ও ডিক্রি দেন। ওই রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন। শামীমের দাবি, আপিল চলাকালে উচ্চ আদালতের স্থগিতাদেশও রয়েছে। অথচ এসব আইনি প্রক্রিয়া উপেক্ষা করে কনস্টেবল মামুন ও তাঁর দুই ভাই জমিতে প্রবেশ করে প্রায় তিন কোটি টাকা মূল্যের সম্পত্তি দখল এবং পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ঝিনাইদহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (গ) ধারায় মামলা করেছেন ভুক্তভোগী। পাশাপাশি সম্প্রতি পুলিশ সুপার ও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের একজন পুলিশ সদস্য হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। আইনি প্রতিকার চেয়েও তিনি কার্যকর কোনো সমাধান পাচ্ছেন না। এমনকি সম্প্রতি ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত কনস্টেবল মামুনের বাবা ফরিদুল ইসলাম ফুলু আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর পরিবারের রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয়কে ঘিরেও স্থানীয়ভাবে নানা আলোচনা রয়েছে।

অভিযোগের বিষয়ে পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তাঁর ভাই নাইমুল ইসলাম নোমান জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমি নিয়ে মামলা চলমান থাকলেও সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা কারও জমি দখল করছি না, নিজেদের জমিতেই ভবন নির্মাণ করছি। চাচা শামীমের সঙ্গে সমঝোতার একাধিকবার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি।’

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, সাংবাদিক শামীমুল ইসলামের একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। নালিশি জমিতে জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর