পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ঘাটে প্রবেশ এবং মালামাল ওঠানামার কথা বলে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দাবি, এবং তা না দিলে দুর্ব্যবহার ও হেনস্তা করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, হাতে বহন করা সাধারণ মালামালের জন্যও অবৈধভাবে টাকা চাওয়া হয়। দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের দীর্ঘ সময় ঘাটে আটকে রাখা হয়। কারও কারও সঙ্গে অশালীন আচরণ এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। তবে নানা হয়রানির ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না।
এ বিষয়ে ভুক্তভোগী মো. ইলিয়াস জানান, গত ১৪ নভেম্বর ঢাকা থেকে নিজের ব্যবহারের জন্য একটি পুরোনো সেলাই মেশিন নিয়ে পটুয়াখালীগামী লঞ্চে করে ভোর ৫টার দিকে পশ্চিম কাছিপাড়া ঘাটে পৌঁছান তিনি। লঞ্চ থেকে নামার পর ঘাটে দায়িত্বে থাকা এক ব্যক্তি একটি সেলাই মেশিনের জন্য তাঁর কাছে ৩০০ টাকা দাবি করেন। পরবর্তীতে দুর্ব্যবহারের মুখে বাধ্য হয়ে তাঁকে ১৫০ টাকা দিতে হয়।
ইলিয়াসের দাবি, এরপর প্রায় এক ঘণ্টা ঘাটে অপেক্ষা করার পর সকাল ৬টার লঞ্চে উঠতে গেলে তাঁর কাছে আরও ২০ টাকা দাবি করা হয়। এ সময় অতিরিক্ত টাকা আদায়ের কোনো তালিকা বা বৈধ রসিদ দেখতে চাওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি তা দেখাতে ব্যর্থ হন।
অভিযোগের বিষয়ে ঘাটের ইজারাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সঠিক নয়। অভিযোগকারীকে প্রমাণসহ বিষয়টি উপস্থাপন করার অথবা নির্দিষ্ট সময় উল্লেখ করে ঘাটে আসার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, ঘাট পরিচালনার বিষয়ে এলাকাবাসীর কাছ থেকেও মতামত নেওয়া যেতে পারে। পাশাপাশি ফেসবুকে ভিত্তিহীন ও উসকানিমূলক পোস্ট না করার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়ার বলেন, এ ধরনের অভিযোগ তাঁরাও পেয়ে থাকেন। ঘাটে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং ইজারা কর্তৃপক্ষ নিয়মের ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নির্ধারিত ফির তালিকা ঘাটে প্রকাশ্যে টাঙানোসহ সব ধরনের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।